
অনলাইন ডেস্ক ►
ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন বলে কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম নিশ্চিত করেছেন। আহত ও নিহতদের নাম-ঠিকানা এখন পর্যন্ত জানা যায়নি।
প্রাথমিকভাবে জানা গেছে, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় মুক্তাগাছাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অন্তত ছয়জন নিহত হন।
ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, অন্তত সাতজন নিহত হয়েছেন।