Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
ফটো কার্ড

ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে

ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে

অনলাইন ডেস্ক ►

শক্তিশালী দুই ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, ভূমিকম্পে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ১৬৪ জন নিহত এবং ৯৭১ জন আহত হয়েছেন। রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় বহু ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে ব্যাপক অভিযান চলছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে (গ্রিনিচ সময় রাত ১০টা ৪ মিনিট) রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর প্রায় সঙ্গে সঙ্গেই রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইয়ুমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

ইউএসজিএসের পূর্বাভাসভিত্তিক মডেল অনুযায়ী, এই দুর্যোগে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। সংস্থাটি জানিয়েছে, মৃতের সংখ্যা কয়েক হাজারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে এবং তা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ারও আশঙ্কা আছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, “কয়েক ডজন ভবন ধসে পড়েছে। সৃষ্টিকর্তা যত মানুষের জীবন রক্ষা করার সুযোগ দিয়েছেন, তাদের উদ্ধারে আমরা অত্যন্ত জোরালোভাবে কাজ করছি।” তিনি বলেন, “এটি সত্যিই একটি ভয়াবহ ট্র্যাজেডি। যারা স্বজন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”

রদ্রিগেজ জানান, বর্তমানে দেশের প্রধান অগ্রাধিকার হচ্ছে উদ্ধার কার্যক্রম। আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল পৌঁছানোর কথা রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আন্তর্জাতিক নেতাদের সহায়তার আশ্বাসের জন্য ধন্যবাদ জানান।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি বড় ভূমিকম্প ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং যুক্তরাষ্ট্র দুর্যোগ মোকাবিলায় সহায়তা দিতে প্রস্তুত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ওয়াশিংটন ভেনেজুয়েলায় অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা সহায়তা এবং মানবিক সহায়তা পাঠাচ্ছে। এছাড়া এল সালভাদর, ডোমিনিকান প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়া ও ব্রাজিলসহ বিভিন্ন দেশের নেতারা ভেনেজুয়েলার প্রতি সমবেদনা ও সহায়তার আশ্বাস দিয়েছেন।

জাতিসংঘও ভেনেজুয়েলার কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে গণমাধ্যমে প্রবেশাধিকার সহজ করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, দুর্যোগের সময়ে সঠিক তথ্য পাওয়ার সুযোগ মানুষের জীবন-মৃত্যুর সঙ্গে সরাসরি সম্পর্কিত হয়ে উঠতে পারে। জাতিসংঘের ভেনেজুয়েলা বিষয়ক অনুসন্ধান মিশন এক বিবৃতিতে বলেছে, “এই ভয়াবহ বিপর্যয় মোকাবিলায় জাতীয় ও আন্তর্জাতিক সব উদ্যোগে মানবাধিকারের প্রতি পূর্ণ প্রতিশ্রুতি থাকা জরুরি।”

সংস্থাটি ভেনেজুয়েলার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা কনাটেলকে সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য গণমাধ্যমে প্রবেশাধিকার পুরোপুরি চালু করার আহ্বান জানিয়েছে। দুর্বল অবকাঠামো ও ভূমিকম্পপ্রবণ এলাকা বাড়িয়েছে ক্ষয়ক্ষতি ভূমিকম্পের সময় ভেনেজুয়েলার অনেক মানুষ বাড়িতে ছিলেন, কারণ বুধবার ছিল দেশটির স্বাধীনতা যুদ্ধের ১৮২১ সালের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের স্মরণে সরকারি ছুটির দিন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার প্রায় ৮০ শতাংশ মানুষ ভূমিকম্পপ্রবণ এলাকায় বসবাস করেন। দেশটির অনেক বাড়িঘর শক্তিশালী ভূমিকম্প মোকাবিলার উপযোগী করে নির্মিত নয়। কলম্বিয়ার রাজধানী বোগোতা থেকে আল-জাজিরার সাংবাদিক তেরেসা বো বলেন, রাজধানীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত আলতামিরা এলাকায় অনেক ভবন পলিমাটির স্তরের ওপর নির্মিত হওয়ায় ভূমিকম্পের কম্পনে এগুলো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় অনানুষ্ঠানিকভাবে নির্মিত অনেক বসতিও রয়েছে, যেগুলো শক্তিশালী ভূমিকম্প সহ্য করার মতো নয়।

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ডিওসদাদো কাবেলো রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “ভবন, বাড়িঘর ধসে পড়েছে। নিরাপত্তা ও বেসামরিক সহায়তার জন্য আমাদের হাতে থাকা সবকিছু দিয়ে আমরা পরিস্থিতি মোকাবিলা করছি।” সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কারাকাসে রাতের অন্ধকারে উদ্ধারকারীরা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন। একই সঙ্গে আটকে পড়া স্বজনদের খোঁজে উদ্বিগ্ন মানুষ সাহায্যের জন্য ছুটছেন।

নিউজটি শেয়ার করুন

  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
ফটো কার্ড

লোকার্নো চলচ্চিত্র উৎসবে সম্মাননা পাচ্ছেন ভার্জিনি এফিরা

লোকার্নো চলচ্চিত্র উৎসবে সম্মাননা পাচ্ছেন ভার্জিনি এফিরা

অনলাইন ডেস্ক ►

আন্তর্জাতিক স্বাধীন চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘লোকার্নো চলচ্চিত্র উৎসব’-এ সম্মানিত হতে যাচ্ছেন বিশিষ্ট বেলজিয়ান-বংশোদ্ভূত ও ফ্রান্স-ভিত্তিক অভিনেত্রী ভার্জিনি এফিরা। সম্প্রতি অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা পর্বের দুটি সিনেমা-রিউসুকে হামাগুচির ‘অল অব আ সাডেন’ এবং আসগর ফারহাদির ‘প্যারালাল টেলস’-এ দুর্দান্ত অভিনয়ের পর তাকে এই সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুইস উৎসব কর্তৃপক্ষ। উৎসবের ঐতিহ্যবাহী ‘লেপার্ড ক্লাব অ্যাওয়ার্ড’ দিয়ে এফিরাকে এই বিশেষ স্বীকৃতি জানানো হবে।

আগামী ৭ আগস্ট লোকার্নোর বিখ্যাত পিয়াজ্জা গ্র্যান্ডে নামক সাড়ে ছয় হাজার আসনের উন্মুক্ত লেকসাইড ভেন্যুতে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হবে। ওই একই সন্ধ্যায় রিউসুকে হামাগুচির ‘অল অব আ সাডেন’ সিনেমাটি প্রদর্শিত হবে, যেটির জন্য এফিরা কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছিলেন। 

উল্লেখ্য, এই সিনেমাটিতে অভিনয়ের সুবিধার্থে তিনি আংশিকভাবে জাপানি ভাষাও রপ্ত করেছিলেন। উৎসব কমিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ওলন্দাজ পরিচালক পল ভেরহোভেন এবং অস্কারজয়ী চলচ্চিত্র ‘অ্যানাটমি অব আ ফল’-এর নির্মাতা জুস্টিন ত্রিয়েতের মতো নামী পরিচালকদের সঙ্গে এফিরার ক্যারিয়ারের কিছু দুর্দান্ত কাজ রয়েছে। ভেরহোভেনের ‘এল’ (২০১৬) এবং বিশেষ করে ‘বেনেদেত্তা’ (২০২১) সিনেমায় জটিল ও চ্যালেঞ্জিং চরিত্রে তার সাহসী অভিনয় তাকে আধুনিক ইউরোপীয় সিনেমার অন্যতম শীর্ষ তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ভার্জিনি এফিরার অভিনয়শৈলীর প্রশংসা করে লোকার্নো উৎসবের শৈল্পিক পরিচালক জিওনা এ নাজ্জারো বলেন, এফিরা তার প্রতিটি চরিত্রে এক অনন্য সংবেদনশীলতা ফুটিয়ে তোলেন। তিনি একাধারে সাহসী, চিন্তাশীল, স্বতঃস্ফূর্ত ও রসাত্মক; যা সমসাময়িক চলচ্চিত্রে এক নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয়। ভেরহোভেন থেকে শুরু করে হামাগুচির মতো বিশ্বমানের পরিচালকদের সঙ্গে কাজ করে তিনি প্রতিনিয়ত তার শৈল্পিক প্রতিভাকে এক স্বাধীন ও প্রাণবন্ত রূপ দিয়েছেন। আজকের সিনেমার একজন প্রকৃত অভিনেত্রীর সৌন্দর্যকে তিনি নিখুঁতভাবে ধারণ করেছেন।

চলচ্চিত্র দুনিয়ায় বিশেষ অবদানের জন্য দেওয়া এই লেপার্ড ক্লাব অ্যাওয়ার্ডের তালিকায় এর আগে যুক্ত হয়েছেন ফে ডানাওয়ে, মিয়া ফারো, অ্যান্ডি গার্সিয়া, অ্যাড্রিয়েন ব্রডি, মেগ রায়ান, হিলারি সোয়াঙ্ক এবং ডেইজি এডগার-জোন্সের মতো বিশ্বখ্যাত তারকারা। আগামী ৫ থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিশ্ব চলচ্চিত্রের এই মর্যাদাপূর্ণ উৎসবের ৭৯তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad