নিজস্ব প্রতিবেদক ►
গ্রামভিত্তিক Community Action Groups (CAGs) এর প্রতিনিধিরা শিশুদের শিক্ষা, সুরক্ষা ও সামগ্রিক বিকাশে কমিউনিটির অভিজ্ঞতা ও শিখন বিনিময় করেছেন। টেকসই উন্নয়নে সামাজিক অংশগ্রহণ প্রতিপাদ্যকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার গাইবান্ধার সাঘাটা উপজেলায় এসকেএস রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়েছে Community Action Groups (CAGs)-এর অভিজ্ঞতা ও শিখন বিনিময় কর্মশালা-২০২৬।
এসকেএস ফাউন্ডেশন বাস্তবায়িত সমন্বিত শিশু উন্নয়ন কর্মসূচি-শিশুদের জন্য (Integrated Child Development Program-Shishuder Jonno) প্রকল্পের আওতায় এবং Save the Children-এর সহায়তায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রকল্প এলাকা গাইবান্ধার সাঘাটা উপজেলার ১০টি ইউনিয়নের ৭০টি CAGS এর ২১০ জন প্রতিনিধি অংশ নেন।
কর্মশালায় প্রতিনিধিরা শিশুদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে তাদের নেওয়া বিভিন্ন উদ্যোগ, অর্জন, স্থানীয় পর্যায়ে সহযোগিতা পাওয়ার অভিজ্ঞতা এবং কাজ করতে গিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। শিশুদের সমস্যা চিহ্নিত করা, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ এবং স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের অভিজ্ঞতাও বিনিময় করেন তারা।
তারা বলেন, শিশুদের জন্য টেকসই পরিবর্তন আনতে শুধু প্রকল্প বা কোনো একটি প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য পরিবার, বিদ্যালয়, স্থানীয় সরকার ও কমিউনিটির মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। স্থানীয় মানুষের আস্থা অর্জন, নিয়মিত যোগাযোগ এবং সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমাধানের উদ্যোগ নেওয়াকে কার্যকর কাজের গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে তুলে ধরেন প্রতিনিধিরা। তাদের মতে, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় বাড়লে শিশুদের জন্য সহায়ক পরিবেশ তৈরির সুযোগও বাড়ে।
কর্মশালার উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সাঘাটা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। তিনি শিশুদের উন্নয়ন ও সুরক্ষায় পরিবার, সমাজ, সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেন। কমিউনিটির মানুষ নিজ এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানে এগিয়ে এলে শিশুদের জন্য নেওয়া উদ্যোগ আরও টেকসই হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা ও সমাজসেবা বিভাগের কর্মকর্তা, স্থানীয় স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এবং এসকেএস ফাউন্ডেশন ও সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিথিরা শিশুদের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে CAGs-এর সঙ্গে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন।