
অনলাইন ডেস্ক ►
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাতে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারে শ্রাবণ পালের বাসায় সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা। আতঙ্কিত হয়ে তারা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে সংগঠনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জের কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জানান, উদ্ধারকৃত কালনাগিনী সাপটি নির্বিষ।
বিশেষজ্ঞদের মতে, কালনাগিনী মূলত একটি মৃদু বিষধর সাপ, যা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সচরাচর দেখা যায়। লোককথা বা চলচ্চিত্রে একে অত্যন্ত ভয়ংকর হিসেবে দেখানো হলেও বাস্তবে এটি মানুষের জন্য প্রাণঘাতী নয়। সাধারণত ২ থেকে সাড়ে ৪ ফুট লম্বা এই সাপের দেহ সবুজাভ হলুদ রঙের হয়, যার ওপর লাল ও কালো রঙের দৃষ্টিনন্দন নকশা থাকে। মানুষের ক্ষতি করার মতো বিষক্রিয়া এই সাপের নেই।