
অনলাইন ডেস্ক ►
গণমাধ্যমে কোনো সংবাদ প্রচার বা প্রকাশের পূর্বে তার সত্যতা যাচাই বা ‘ফ্যাক্ট-চেকিং’ নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার রাতে পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যের অভাব নেই, তবে তার একটি বড় অংশই বিভ্রান্তিকর ও ভুল। কেবল ধারণা বা অনুমানের ওপর ভিত্তি করে কোনো বিষয়কে সংবাদ হিসেবে উপস্থাপন করা উচিত নয়। গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে হলে সংবাদকর্মীদের আরও সতর্কতার সাথে তথ্য যাচাই করতে হবে।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, তথ্যের বিশাল ভাণ্ডার থেকে সঠিকটি বেছে নেওয়া এবং গুজব প্রতিরোধে সাংবাদিকদের সচেতনতা বৃদ্ধি জরুরি। সরকার এরই মধ্যে একটি প্রাতিষ্ঠানিক ‘ফ্যাক্ট-চেকিং’ কাঠামো তৈরির লক্ষ্যে কাজ করছে। গণমাধ্যম যদি নিজস্ব যাচাইকরণ প্রক্রিয়া জোরদার করে, তবে সমাজ থেকে গুজব ও মিথ্যা সংবাদ দূর করা সম্ভব হবে।
পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শিবজিত নাগ, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার এবং পাবনা প্রেস ক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম।