.jpg)
সাঘাটা প্রতিনিধি ►
আমদীরপাড়ার মেঠোপথ থেকে জাতীয় সাফল্যের মঞ্চে। প্রত্যন্ত গ্রামের সেই মেধাবী তরুণ আরিফউল করিম সিয়াম এখন ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় দেশসেরা। তাঁর এই অভাবনীয় সাফল্যে গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের আমদীরপাড়া গ্রামে বইছে আনন্দের বন্যা। পরিবার, স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মুখে এখন একটাই নাম সিয়াম।
আরিফ উল করিম সিয়াম আমদীরপাড়া গ্রামের বাসিন্দা রেজাউল করিমের একমাত্র ছেলে। তাঁর বাবা একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা হিসেবে কর্মরত। ছেলের দেশসেরা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই স্বজন ও এলাকাবাসীর মধ্যে তৈরি হয় উৎসবের আবহ। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভকামনায় ভাসিয়ে দিচ্ছেন সিয়ামকে।
প্রত্যন্ত জনপদের একজন সন্তান হয়েও দেশের অন্যতম প্রতিযোগিতামূলক পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য অর্জন করেছেন সিয়াম। স্থানীয়দের কাছে তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরো সাঘাটার গর্ব। তাঁদের ভাষ্য, প্রতিকূলতা কিংবা প্রত্যন্ত অঞ্চল কোনোটিই মেধা ও অধ্যবসায়ের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না; সিয়ামের সাফল্য তারই উজ্জ্বল প্রমাণ।
স্বজনরা জানান, দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও লক্ষ্যে অটুট থাকার ফলেই এসেছে এই সাফল্য। তাঁদের প্রত্যাশা, বিচারিক জীবনের শুরু থেকেই সিয়াম ন্যায়বিচার, সততা ও মানবিকতার আদর্শকে ধারণ করবেন এবং মানুষের অধিকার ও ন্যায় প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত করবেন। এলাকাবাসীর প্রত্যাশা, আমদীরপাড়ার এই সাফল্যের গল্প শুধু একটি পরিবারের আনন্দের গল্প হয়ে থাকবে না; বরং প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য তরুণের স্বপ্ন দেখার সাহস জোগাবে। মেঠোপথের গ্রাম আমদীরপাড়া থেকে জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় দেশসেরা সিয়ামের এই অর্জনে এখন গর্বিত সাঘাটা। তাঁর সাফল্যের গল্প ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে গ্রামান্তরে।