Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
ফটো কার্ড

সাঘাটায় ‘মিনি কক্সবাজার’ তেনাছিড়া বিল

সাঘাটায় ‘মিনি কক্সবাজার’ তেনাছিড়া বিল

জয়নুল আবেদীন, সাঘাটা ►

বর্ষা এলেই যেন নতুন রূপের ডালি সাজিয়ে বসে গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ‘তেনাছিড়া বিল’। অথৈ জলরাশি আর সবুজের বুক চিরে চলে যাওয়া আঁকাবাঁকা পাকা সড়ক-সব মিলিয়ে এখানকার দৃশ্যপট যেন এক টুকরো কক্সবাজার। প্রকৃতির এই অদ্ভুত সৌন্দর্যে মুগ্ধ হয়ে স্থানীয়রা বিলটিকে ভালোবেসে নাম দিয়েছেন ‘মিনি কক্সবাজার’। প্রকৃতির এই নির্মল সান্নিধ্য আর পাখির কলকাকলিতে মুখরিত তেনাছিড়া বিল এখন কেবল স্থানীয়দের নয়, বরং ভ্রমণপিপাসু মানুষের হৃদয়েও এক প্রশান্তির নীড় হয়ে উঠেছে।

বর্ষার টানা বৃষ্টিতে বিলটি এখন পানিতে টইটুম্বুর। এলজিইডির নির্মিত সড়কটির কিছু অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় জলের মাঝখান দিয়ে যেন এক নান্দনিক পথ তৈরি হয়েছে। রাস্তার দুই পাশে সারিবদ্ধ গাছ, আর পানিতে ভাসমান সাদা শাপলা ও গোলাপি পদ্ম বিকেলের নরম আলোয় এক মায়াবী পরিবেশের সৃষ্টি করে। 

প্রতিদিন বিকেলে ও ছুটির দিনে গাইবান্ধা ছাড়াও বগুড়া, রংপুরসহ আশপাশের জেলা থেকে শত শত পর্যটক এখানে ভিড় করছেন। কেউ রাস্তার ধারে দাঁড়িয়ে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করছেন, কেউ আবার ছোট ছোট নৌকায় ভেসে বিলের গভীরে হারিয়ে যাচ্ছেন। আবার অনেকে হাঁটুসমান পানিতে নেমে বর্ষার সতেজতাকে আপন করে নিচ্ছেন।

সাঘাটা পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী শিখর মাহমুদ বলেন, দূরের পর্যটনকেন্দ্রে যাওয়া আমাদের জন্য অনেক সময় সাধ্যের বাইরে। তাই ঘরের কাছের এই বিলই আমাদের কাছে কক্সবাজার। এখানে বন্ধুদের সঙ্গে ছবি তোলা আর আড্ডা দেওয়া খুব আনন্দের। মহিলাগঞ্জ থেকে পরিবার নিয়ে ঘুরতে চঞ্চল সাহা জানান, গ্রামবাংলার প্রকৃতির এমন অনন্য প্রতিচ্ছবি সচরাচর দেখা যায় না। বিশেষ করে গোধূলিবেলার দৃশ্যটি যে কাউকেই বিমোহিত করবে। স্থানীয়রা মনে করছেন, পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করলে তেনাছিড়া বিল উত্তরাঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। 

এ বিষয়ে সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, বৃষ্টির কারণে বিলের পানির স্তর বাড়ায় প্রাকৃতিক সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে। এ প্রসঙ্গে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল কবির বলেন, বিলের এই মনোরম পরিবেশ পর্যটকদের জন্য আরও সুন্দর ও মানসম্মত কীভাবে করা যায়, তা নিয়ে আমরা পরিকল্পনা করছি। পরিবেশ রক্ষা করে এটিকে পর্যটনবান্ধব করার বিষয়ে কাজ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad