Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষক-কর্মকর্তাদের কঠোর নির্দেশনা মাউশির

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষক-কর্মকর্তাদের কঠোর নির্দেশনা মাউশির

অনলাইন ডেস্ক ►
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সম্প্রতি অধিদপ্তরের সহকারী পরিচালক কামরুন্নাহার রীমা স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা পুনরায় জারি করা হয়েছে। এতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা, তথ্য নিরাপত্তা এবং সরকারি আচরণবিধি মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অসচেতনতা, গোপন তথ্য প্রকাশ কিংবা সরকারি নির্দেশনা অমান্য করার ঘটনা শুধু প্রশাসনিক শৃঙ্খলা নষ্ট করে না, অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা ও সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তির জন্যও ঝুঁকি তৈরি করতে পারে। তাই সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনাটি মাউশির আওতাধীন সব দপ্তর, সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, শিক্ষক প্রশিক্ষণ কলেজ (টিটিসি), বেসরকারি কলেজ, জেলা ও উপজেলা শিক্ষা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষকদের জন্য প্রযোজ্য। ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইউটিউব, হোয়াটসঅ্যাপসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম সরকারি নীতিমালা ও আচরণবিধি অনুসরণ করে ব্যবহারের কথা বলা হয়েছে।

দাপ্তরিক সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রেও বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো দাপ্তরিক পেজ বা অ্যাকাউন্টের প্রোফাইল ছবি কিংবা ব্যানারে ব্যক্তিগত বা পারিবারিক ছবি ব্যবহার করা যাবে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম, লোগো ও পরিচয় ব্যবহার করতে হবে এবং অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার ও নিয়মিত তা পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া দাপ্তরিক ফেসবুক পেজ বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমকে প্রতিষ্ঠানের সরকারি ওয়েবসাইটের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে না। বরং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে সংযুক্ত রাখতে হবে, যাতে নাগরিকরা নির্ভরযোগ্য তথ্য সহজেই যাচাই করতে পারেন।

ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের সংযত ও দায়িত্বশীল থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্ট, মন্তব্য, লাইক বা শেয়ারের মাধ্যমে রাষ্ট্র, সরকার কিংবা সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি সরকারি তথ্য, নথি বা অভ্যন্তরীণ বিষয় অনুমতি ছাড়া প্রকাশ না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।

মাউশির কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে প্রচলিত সরকারি নীতিমালা ও আচরণবিধি কার্যকরভাবে বাস্তবায়নের অংশ হিসেবেই এ নির্দেশনা পুনর্ব্যক্ত করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষা প্রশাসনে শৃঙ্খলা, তথ্যের নিরাপত্তা এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণ নিশ্চিত করাই মূল লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad