
সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জের শান্তিরাম ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত কালবৈশাখী ঝড়ে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানসহ গাছপালার ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার শান্তিরাম ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে পরান গ্রামের নবীর হোসেন, কালিয়ার ছিড়া গ্রামের আব্দুল বারী মিয়া বসতবাড়ি, নজরুল ইসলাম কেজি মাদ্রাসাসহ অন্তত ১০টি বসতবাড়ি,শতাধিক গাছপালা লন্ডভন্ড হয়ে যায়।
অনেকে গাছ এবং ঘরের নিচে চাপা পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যান। পরান গ্রামের নবীর হোসেন বলেন, তিনি একজন রিক্সা চালক। হঠাৎ গত রাতে কালবৈশাখী ঝড়ো হাওয়ায় তার ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়ে বসতঘরটি লন্ডভন্ড হয়ে যায়। বর্তমানে তিনি পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। কালিয়াছিড়া গ্রামের আব্দুল বারী মিয়া বলেন, ঝড়ে বড় একটি আমগাছ তাঁর বসতঘরের ওপর উফড়ে পড়ে ঘরটি দুমরে মুছরে যায়। অল্পের জন্য ঘরের ভিতরে থাকা লোকজন ভেঁচে যান।
শান্তিরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন বলেন, বিষয়টি তাৎক্ষনিক ভাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানানো হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিয়ার রহমান বলেন, চেয়ারম্যানকে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে পাঠাতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।