
সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৯ এপ্রিল ৩য় ধাপে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন সম্ভাব্য তারিখ ঘোষণা দেয়ার আগ থেকে উপজেলার ১৫ ইউনিয়নের অন্তত ৭৬ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীগণ নির্বাচনী মাঠে সরব রয়েছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এখন প্রচার-প্রচারণা মুল উপকরণ হিসেবে ব্যবহার হচ্ছে।
সম্ভাব্য প্রার্থীগণ ইতোমধ্যে স্ব স্ব ইউনিয়নের আনাছে কানাছে সভা সমাবেশ, গ্রাম্য সালিশ এবং কিছু মানবিক কাজ করছেন। অনেকে দীর্ঘ দিনের কর্মকান্ড তুলে ধরে সাধারন ভোটারদের মাঝে নিজের অবস্থান জানান দিচ্ছেন। অনেকে পোষ্টার, বিলবোর্ড ঝুলে দিয়েছেন ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকায়। এ আই দিয়ে পোষ্টার তৈরি করে ফেসবুকে ছাড়ছে প্রার্থী, তাঁর সমর্থক ও কর্মীগণ।
একটি নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে জানা গেছে, উপজেলার ১৫ ইউনিয়নে অন্তত ৭৬জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইতি মধ্যে স্ব-স্ব ইউনিয়নে গণসংযোগ করে যাচ্ছেন। এর মধ্যে ১নং বামনডাঙ্গা ইউনিয়নে ৫ জন, ২নং সোনারায়ে ৫ জন, ৩নং তারাপুরে ৪ জন, ৪নং বেলকায় ৫ জন, ৫নং দহবন্দে ৫ জন, ৬নং সর্বানন্দে ৬ জন, ৭নং রামজীবনে ৫ জন, ৮নং ধোপাডাঙ্গায় ৫ জন, ৯নং ছাপড়াটিতে ৫ জন, ১০নং শান্তিরামে ৫ জন, ১১ নংহরিপুরে ৫ জন, ১২নং কঞ্চিবাড়ীতে ৬ জন, ১৩নং শ্রীপরে ৫ জন, ১৪নং চন্ডিপুরে ৫ জন এবং ১৫নং কাপাসিয়ায় ৫ জন।
এদিকে জামায়াত ১৫ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করলেও বিএনপিসহ অন্যান্য দল তাদের প্রার্থীর তালিকা এখনও ঘোষণা করেন নাই। তবে অনেক ইউনিয়নে একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে মাঠ চোষে বেড়াচ্ছেন। স্বতন্ত্র প্রার্থীরাও বসে নেই। সম্ভাব্য প্রার্থীদের বক্তব্য ক্ষমতার জন্য নয়, সেবার জন্য মাঠে নেমেছি। মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তাদের সেবা করার প্রত্যয় ব্যক্ত করে চলেছেন তারা। তারা বলছেন অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো।
সর্বানন্দ ইউনিয়নরে একজন চেয়ারম্যান প্রার্থী বলেন, আমি এই মাটির সন্তান। এই মাটির মানুষের কষ্ট আমি নিজ চোখে দেখেছি। আমি চাই আমার ইউনিয়নের কোন মানুষ যেন কষ্টে না থাকে। অনেক প্রার্থী প্রতিশ্রুতি দিচ্ছেন ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। আবার কেউ কেউ বলছেন নির্বাচিত হলে সুশাসন প্রতিষ্ঠার কথা। প্রত্যেক সম্ভাব্য চেয়ারম্যানপ্রার্থী নিজেদের পক্ষে ভোটারদের দৃষ্টি ফেরানো জন্য বলছেন উন্নয়ন, সমৃদ্ধি ও সুশাসনের কথা।
উপজেলার সর্বত্রই চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চায়ের দোকানগুলোতে চলছে ভোটারদের চুল ছেড়া বিশ্লেষণ। তবে তফসিল ঘোষণা হলে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কে থাকবে, কে থাকবে না, তা বলা যাবে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই উপজেলার ১৫ ইউনিয়নে নির্বাচনী আমেজ বেড়েই চলছে। তফসিল ঘোষণার আগেই মাঠ গরম হয়ে উঠলেও শেষ পর্যন্ত কে থাকবেন এবং কে জিতবেন তা দেখার পালা ভোটারদের।