
মোদাচ্ছেরুজ্জামান মিলু►গাইবান্ধার ৩৩ বছরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন মোহনা তাদের নিয়মিত মাসিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় নভেম্বর মাসের সংগীত সন্ধ্যার আয়োজন করলো শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) এর মুক্তমঞ্চে। ৬ নভেম্বর শুক্রবার ছিলো গানাসাস চত্বরে সাংস্কৃতিক কর্মীদের এক মিলনমেলা। সংগীত শিল্পী চুনি ইসলামের উপস্থাপনায় শুরুতে অতিথি শিল্পীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। মোহনার পক্ষে সমাজসেবক এম আব্দুস সালাম ও এহতেশাম রফিক শিল্পীদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
গান গেয়েছেন গাইবান্ধার মহিমাগঞ্জের শিল্পী মো. জাহাঙ্গীর আলম ও বগুড়ার নবনীতা ঘোষ শ্রেয়া। নবনীতা গেয়েছেন-যে প্রেম স্বর্গ থেকে এসে, সন্ধ্যা বেলায় তুমি আমি, সাথী তুমি আমার জীবনে, হায়রে পোড়া বাঁশি, এক জীবনে এত প্রেম, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না গানগুলি। অপরদিকে জাহাঙ্গীর গেয়েছেন:-তুমি রোজ বিকেলে আমার বাগানে, ভালোবেসে গেলাম শুধু, কবিতা তুমি এখনো, জীবনের গল্প আছে বাকি অল্প, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, প্রেমের নীল ইশারাতে ইত্যাদি গান।
শিল্পীদের সাথে যন্ত্রশিল্পীরা বরাবরই চমক লাগানো স্পেশাল বাদনের সমন্বয় করেন। তারপরেও মনে হয়েছে এবারে যেন সেই চমকের পরিমাণটা আরো একটু বেশি ছিলো। তবলায় ছিলেন গাইবান্ধার বিশিষ্ট তবলা শিল্পী মাহমুদ সাগর মহব্বত, কি বোর্ডে এস এম স্বাধীন, প্যাডে মানিক বর্মন ও গিটারে তানভির মাহতাব বৃত্ত। অনুষ্ঠান শেষে শিল্পীদের উত্তরীয় পরিয়ে ক্রেস্ট দিলেন মোহনার সংগঠক খন্দকার শামীম আহমেদ ও শিরিন আকতার। এছাড়াও সংকলন লাইব্রেরির সৌজন্যে বরাবরের মতো শিল্পীদের সৃজনশীল বই উপহার দেন যামিনী রঞ্জন সেন। গাইবান্ধার অনেক বিশিষ্টজনদের উপস্থিতি এই অনুষ্ঠানের দর্শক হিসেবে ছিলো লক্ষণীয়।