
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ►
প্রধানমন্ত্রী তারেক রহমান নীলফামারীর সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সাথে সেলফি তুলেছেন এবং ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সৈয়দপুর বিমান বন্দরে নেমে গাড়ী বহর নিয়ে রংপুরের রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এসময় তিনি কলেজের সামনে থেমে গাড়ি থেকে নেমে শিক্ষকদের কাছ থেকে প্রতিষ্ঠানের সমস্যার কথা শুনেছেন এবং সমাধানের আশ্বাস দিয়েছেন।
সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠানের ফটকের সামনে আসলে শিক্ষার্থীদের দেখে তিনি গাড়ী থামিয়ে তাদের সাথে কথা বলেন। শিক্ষার্থীদের আবদার রাখতে তাদের সাথে সেলফি তুলে অটোগ্রাফ দেন। এসময় প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানটির খোঁজ খবর নেন এবং শিক্ষার্থীদের সাথে বেশ আন্তরিক ও আনন্দঘন কিছুটা মূহুর্ত কাটান। শেষে ফুটবল ও ক্রিকেট খেলার সামগ্রী উপহার দেন। এসময় কলেজের জন্য বালক ও বালিকা হোস্টেল একটি বহুতল ভবন ও একটি অডিটরিয়াম এর জন্য দাফব ঁজানানো হয়।
এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে অবগত আছেন বলে জানান। এই দাবিগুলো লিখিত আকারে দিলে তিনি বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন। পরে শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় নিয়ে রংপুরের উদ্দেশে রওয়ানা দেন। এসময় রাস্তার দুই পাশে নেতা কর্মী ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে হাত নাড়িয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সমাজ কল্যাণ মন্ত্রী এ জেড এম ডা. জাহিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
এর আগে প্রধানমন্ত্রীসহ মন্ত্রীগণ ও নেতৃবৃন্দ সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছলে ফুলেল শুভেচছা ও স্বাগত জানান ত্রাণ ও দূর্যোগমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সাথে ছিলেন নীলফামারী জেলা প্রশাসক হুমায়ুন কবির। এছাড়াও বিমানবন্দরে উপস্থিত ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিমানবন্দর থেকে চিকলী বাজার পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের উভয় পাশে দাঁড়িয়ে থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর গাড়ি বহরকে স্বাগত ও শুভেচ্ছা জানান।