Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সৈয়দপুরে মিনি ম্যারাথন ৩০০ জনের অংশ গ্রহণ

সৈয়দপুরে মিনি ম্যারাথন ৩০০ জনের অংশ গ্রহণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ►
স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘শরীরচর্চা হোক প্রতিদিনের অভ্যাস’ এবং ‘মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন দৌড়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুন্দল এলাকার রংধনু পার্ক থেকে শুরু হয়। সুস্থ জীবনের জন্য ম্যারাথন এই বার্তা নিয়ে মর্নিং হেলথ ক্লাব সৈয়দপুর আয়োজিত ওই ম্যারাথনে বিভিন্ন বয়সী প্রায় ৩০০ জন অংশ নেন। অংশ গ্রহণকারীদের জন্য ৯ কিলোমিটার, ৭.৫ কিলোমিটার, ৩ কিলোমিটার এবং ১ কিলোমিটার কিডস ফান রান এই চারটি ক্যাটাগরি ছিল।

প্রতিটি ক্যাটাগরিতে নির্ধারিত সময়ের মধ্যে দৌড় সম্পন্ন করার পাশাপাশি বিজয়ীদের জন্য রাখা হয় পুরস্কার ও সম্মাননা। ৯ কিলোমিটার ক্যাটাগরিতে ১ম থেকে ৬ষ্ঠ, ৭.৫ কিলোমিটারে ১ম থেকে ৪র্থ এবং ৩ কিলোমিটারে ১ম থেকে ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।  এছাড়া ১ কিলোমিটার কিডস রানে ১ম থেকে ৩য় স্থান অর্জনকারীদের জন্যও ছিল পুরস্কার। সেই সাথে  দৌড়বিদদের জন্য রানিং টি-শার্ট, ফিনিশার মেডেল, বিশেষ দৌড়বিদদের জন্য ক্রেস্ট, খাবার, জুস, রাইস, রানিং ট্র্যাকে হাইড্রেশন এবং মেডিকেল সাপোর্টও রাখা হয়।

অংশ গ্রহণকারীদের মধ্যে সৈয়দপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলজার হোসেন বলেন, এধরনের আয়োজন স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে বেশ কার্যকর প্রভাব ফেলে। আর শরীর চর্চার প্রতি মানুষকে আকৃষ্ট করে। তাই মাঝে মধ্যেই এমন আয়োজন খুবই উপকারী। সেই সাথে মাদক মুক্ত সমাজ গঠনে এই কার্যক্রম ব্যাপক সহায়ক হবে বলে আমি মনে করি।

আয়োজকদের মধ্যে সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম বসুনিয়া মিজু বলেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। যুব সমাজকে মাদক থেকে বিরত রেখে শরীর চর্চার মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষায় অনুপ্রেরণা দিতে এই আয়োজন। আগামীতে আরও বড় পরিসরে করার ইচ্ছে আছে।

নীলফামারী জেলা কার-পিকআপ মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাইয়ুম খান ডলফিন বলেন, মর্নিং হেলথ ক্লাবের এই আয়োজন দেখে আমরাও এমন উদ্যোগ নেওয়ার কথা ভাবছি। অচিরেই সৈয়দপুর রেলওয়ে মাঠ থেকে নাইট ফুটবল ক্লাবের পক্ষ থেকে এমন আয়োজন করা হবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, সৈয়দপুরে বিগত কয়েক বছর ধরে বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. কামরুল হাসান সোহেল এর উদ্যোগে সৈয়দপুর রানার্স এসোসিয়েশনের মাধ্যমে শীতকালীন হাফ ম্যারাথনের আয়োজন হয়ে আসছে। এরই আলোকে এবার আয়োজিত হলো মিনি ম্যারাথন। যা স্বাস্থ্য সচেতন মানুষের মাঝে বেশ সাড়া ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad