
অনলাইন ডেস্ক ►
দেশজুড়ে ডেঙ্গুর পাশাপাশি আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মারা গেছে ১ হাজার ১২ জন শিশু এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৭০ হাজারে। প্রতিদিন শত শত শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।
অন্যদিকে ডেঙ্গু পরিস্থিতিও ক্রমেই জটিল হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯০ জন রোগী, যার মধ্যে সর্বোচ্চ ২৪৯ জন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে)। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গু ও হামের যৌথ প্রাদুর্ভাবে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। শিশুদের সুরক্ষায় সঠিক সময়ে হামের টিকা দেওয়া এবং এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।