• মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে

বৃষ্টিতে উত্তরের নদ-নদীতে পানি বৃদ্ধি



নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে কোথাও ভারী বর্ষণ, আবার কোথাও শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আভাস পাওয়া যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় রংপুরে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে ঢাকাসহ দেশের ৫টি বিভাগে কালবৈশাখী ঝড়ের বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

রংপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রংপুর ও আশপাশ এলাকায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অকাল এই বৃষ্টির ফলে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে গত ২৪ ঘণ্টার ব্যবধানে পানি বেড়েছে প্রায় ৪০ সেন্টিমিটার। একই সঙ্গে বাড়ছে ধরলা ও ব্রহ্মপুত্রের পানিও। যদিও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বর্তমানে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এখনই বন্যার কোনো বড় শঙ্কা নেই। 

তবে হঠাৎ এই পানি বৃদ্ধিতে বিপাকে পড়েছেন তিস্তা ও ধরলার চরাঞ্চলের কৃষকরা। চরে লাগানো মরিচ, পেঁয়াজ, রসুন, বাদাম, মিষ্টি কুমড়া এবং ধানসহ বিভিন্ন ফসল তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। অনেক কৃষক বাধ্য হয়ে আধাপাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন। শুক্রবার রাতের ঝড় ও বৃষ্টিতে বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ার খবরও পাওয়া গেছে।