• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-৫-২০২৬, সময়ঃ দুপুর ০২:৫৬

এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে গাইবান্ধায় কর্মসংস্থান মেলা



নিজস্ব প্রতিনিধি ►
গাইবান্ধায় অনুষ্ঠিত “কর্মসংস্থান মেলা-২০২৬” প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের আওতায় শনিবার ৯ মে গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে এ মেলার আয়োজন করে এসকেএস ফাউন্ডেশন।

মেলার উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। উদ্বোধনের পর তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন এসকেএস ফাউন্ডেশনের এডভোকেসী এন্ড কমিউকেশন বিভাগের পরিচলক, জোসেফ হলদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসকেএস ফাউন্ডেশনের সমন্বয়কারী ফিল্ড অপারেশন বাহারাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার সুজন মিয়া এবং সমাজসেবা অফিসার মোঃ নাসির উদ্দিন শাহ্ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশন এন্ড কমিউনিকেশন সমন্বয়কারী মোঃ আশরাফুল আলম।

আয়োজকরা জানান, RAISE প্রকল্পের আওতায় ১২টি ট্রেডে মোট ৬৬০ জনকে গুরু শিষ্য মডেলে ৬ মাসের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং আরো ২০৫জন এর প্রশিক্ষণ চলমান যা ২০ জুলাই ২০২৬ শেষ হবে। এই ৬ মাসে ট্রেড ভিত্তিক প্রশিক্ষনের পাশাপাশি ৫ দিনের জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়।প্রশিক্ষণ শেষ করা ৬৬০জনের মধ্যে ইতোমধ্যে ২৬২ জন বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেয়েছেন এবং ১৭৪ জন স্ব-কর্মসংস্থানে নিয়োজিত রয়েছেন। অবশিষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও আগ্রহী চাকরিপ্রার্থীদের জন্যই এ জব ফেয়ারের আয়োজন করা হয়।

মেলায় দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানসহ মোট ১৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে বিডি জবস, আরএফএল, FDB, ডাবর বাংলাদেশ, ACI, সহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের স্টলে সরাসরি আবেদন গ্রহণ করে। চাকরিপ্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে তাৎক্ষণিক সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পান।
স্বাধীনতা প্রাঙ্গণজুড়ে দিনভর ছিল চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের সরব উপস্থিতি। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন তাদের জন্য নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করেছে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের দক্ষতাকে কাজে লাগিয়ে টেকসই জীবিকা নিশ্চিত করতে সহায়তা করবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশন এন্ড কমিউনিকেশন অফিসার মোঃ আশরাফুল আলম।