- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গাইবান্ধায় ৯ দফা দাবিতে ইজিবাইক চালকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক ►
লাইসেন্সের নামে গাইবান্ধা পৌরসভার কথিত প্লেট বাণিজ্য ও হয়রানি বন্ধসহ ৯ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক চালকেরা। ব্যাটারি রিকশা, ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানচালক অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, পৌরসভার লাইসেন্সের নামে প্লেট ও টোকেন বাণিজ্য বন্ধ করতে হবে। একই সঙ্গে পৌরসভার পরিবর্তে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অধীনে ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইকের লাইসেন্স, নিবন্ধন ও রুট পারমিট দেওয়ার দাবি জানান তারা। এ ছাড়া অসহনীয় লোডশেডিং বন্ধ করে এসব যানবাহন চার্জের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, শ্রমিকদের ওপর প্রশাসনিক হয়রানি বন্ধ এবং তাদের জীবিকা ও চলাচলের ক্ষেত্রে কার্যকর নীতিমালা প্রণয়নের দাবি জানান বক্তারা।
সমাবেশে চালকেরা ‘দুনিয়ার মজদুর এক হও’ ও ‘শ্রমিক ঐক্য জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।এ সময় বক্তব্য দেন গাইবান্ধা জেলা ইজিবাইক সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা গোলাম রব্বানী, ফুলছড়ি উপজেলা রিকশা, ভ্যান ও অটোরিকশা ইউনিয়নের সভাপতি আফরুজা আব্বাস, সদর উপজেলার সহসভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক লাভলু মিয়া, সানারুল ইসলাম, খোরশেদ আলম, কাবিল হোসেন, ইবনে সাইদসহ অন্যরা।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোরস্তান মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে সংগ্রাম পরিষদের নেতারা গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে তাদের ৯ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেন।