- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১-৯-২০২৬, সময়ঃ বিকাল ০৪:২৪
গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক ►
বর্ণাঢ্য আয়োজন ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি।
দলীয় কার্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা-১, ২, ৩ ও ৫ সংরক্ষিত আসনের সংসদ সদস্য মমতাজ আলো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম এবং জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সুন্দরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. খন্দকার জিয়াউল হক জিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ।
এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শেষ হয়।