• মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে

গাইবান্ধায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত



নিজস্ব প্রতিনিধি ►
গাইবান্ধায় পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। গত সোমবার  ৯ টায় শহরের গানাসাস মার্কেটের সামনে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অধিকার আদায়ে আমরা সবাই একসাথে শ্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের অন্যতম শিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী। তাদের দালাল আখ্যা দিয়ে অপমান করা বন্ধ করতে হবে এবং পেশাগত সম্মান নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত নিরাপত্তা ও যথাযথ মর্যাদা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ দাবিতে সারাদেশে একযোগে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে বলেও জানান তারা।

গাইবান্ধা সদর ফারিয়ার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সদর উপজেলা ফারিয়ার সভাপতি জাহাঙ্গীর আলম। এসময় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ফারিয়ার সভাপতি খন্দকার রবিউল ইসলাম, জেলা ম্যানেজার ফোরামের সভাপতি আরশাফ হেসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধনে জেলার বিভিন্ন ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ও সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা অংশ নেন।