- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গাইবান্ধায় শিশু হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে সাংস্কৃতিক ও নাট্য সংগঠনসমূহের প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিনিধি ►
“এখনো গেলো না আঁধার, শিশু হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ” শিরোনমে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২৫ মে) দুপুরে শহরের গানাসাস মার্কেটের সামনে এ কর্মসূচির আয়োজন করে গাইবান্ধার সাংস্কৃতিক ও নাট্য সংগঠনসমূহ।
সমাবেশে বক্তব্য দেন উদীচী গাইবান্ধা জেলা সংসদের উপদেষ্টা ও পরিবেশ আন্দোলনের সভাপতি ওয়াজিউর রহমান র্যাফেল , উদীচী জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, সুরবানী সংসদের সভাপতি আমিতাভ দাশ হিমুন, গাইবান্ধা থিয়েটারের সভাপতি আলমগীর কবীর বাদল, অবলম্বনের নির্বাহী প্রধান প্রবীর চক্রবর্ত্তী, সারথী দারিয়াপুরের সাধারণ সম্পাদক জুলফিকার চঞ্চল, উদীচী দারিয়াপুর শাখার মোস্তাফিজুর রহমান মুকুল, অন্তরঙ্গ থিয়েটারের সাধারণ সম্পাদক সাজু সরকার, স্পন্দন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক উত্তম সরকার, বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জলী রানী দেবী, পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদের নাবিল আহম্মেদ, সাংস্কৃতিককর্মী ও কবি রনজিৎ সরকার এবং কবি রহুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, দেশে শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। মেয়ে শিশু, ছেলে শিশু, এমনকি নারী ও বৃদ্ধরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। রামিসাসহ অতীতের সকল ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। সমাবেশ থেকে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, একটি মানবিক ও সভ্য সমাজ গঠনে শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিশুদের প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এসময় সাংস্কৃতিককর্মী, নাট্য সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী শিরিন আক্তার।