- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গুজরাট টাইটান্সের টিম বাসে আগুন, অল্পের জন্য রক্ষা
অনলাইন ডেস্ক ►
আইপিএল ২০২৬ ফাইনালে পরাজয়ের হতাশা কাটিয়ে হোটেলে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স। দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের বহনকারী বাসে শর্ট সার্কিটের কারণে (আগুন) ধোঁয়া ছড়িয়ে পড়লে দ্রুত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে, রবিবার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি অনুষ্ঠিত আইপিএল ২০২৬-এর ফাইনালে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কাছে পাঁচ উইকেটের ব্যবধানে হারের পর গুজরাট টাইটান্স দল হোটেলের উদ্দেশে রওনা হয়। পথে দলের বাসে হঠাৎ বৈদ্যুতিক ত্রুটি দেখা দিলে শর্ট সার্কিটের সৃষ্টি হয় এবং বাসের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে বাসে থাকা খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের তাৎক্ষণিকভাবে নামিয়ে আনা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্রুত পদক্ষেপের ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং দলের সব সদস্য নিরাপদে ছিলেন। পরে বিকল্প একটি বাসের ব্যবস্থা করা হলে সেটিতে দল হোটেলে পৌঁছায়।
আইপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচ শেষে ঘটে যাওয়া এই ঘটনায় সাময়িক উদ্বেগের সৃষ্টি হলেও কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার কারণ ও বাসটির কারিগরি ত্রুটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়া টুডে