• মাধুকর প্রতিনিধি
  • ১ মিনিট আগে

জমকালো আয়োজনে অনুষ্ঠিত মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৫



অনলাইন ডেস্ক ►
বাংলাদেশের বিনোদন জগতের অন্যতম প্রতীক্ষিত আয়োজন ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫’ অনুষ্ঠিত হলো। শুক্রবার (২৪ এপ্রিল) বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৭তম এই আসরটি হয়ে ওঠে এক প্রাণবন্ত ও বর্ণাঢ্য সন্ধ্যা। যেখানে শিল্পী, নির্মাতা এবং তারকাদের উপস্থিতিতে তৈরি হয় এক অনন্য উৎসবের আবহ।

মেরিল যত্ন ও আস্থা প্রতীক হিসেবে পরিচিত একটি ব্র্যান্ড। প্রতি বছর জাতীয় দৈনিক ‘প্রথম আলো’-র সঙ্গে যৌথভাবে এই আয়োজনের মাধ্যমে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত অঙ্গনের কৃতী শিল্পীদের স্বীকৃতি জানিয়ে আসছে। ২০২৫ সালে নিজেদের কাজের মাধ্যমে ৮টি জনপ্রিয় ক্যাটাগরিতে ৩২ জন এবং ১২টি ক্রিটিক ক্যাটাগরিতে ৩৬ জন শিল্পী মনোনয়ন পান। দর্শকের ভোটে নির্বাচিত এবং জুরিদের মূল্যায়নে মনোনীত কৃতী শিল্পীদের হাতেই তুলে দেয়া হয় এবারের পুরস্কার।

অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ তার বক্তব্যে বলেন, ‘এই আয়োজন শুধু পুরস্কার প্রদান নয়, বরং আমাদের সংস্কৃতি ও সৃজনশীল মানুষদের সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ ভবিষ্যতেও শিল্প ও বিনোদন জগতের বিকাশে ভূমিকা রাখবে।’

এবারের আসরের উপস্থাপনায় ছিলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তাদের প্রাণবন্ত উপস্থিতি ও বুদ্ধিদীপ্ত সঞ্চালনা পুরো অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে। পুরস্কারের তালিকায় এ বছর সেরা অভিনেতা হিসেবে স্বীকৃতি পান আফরান নিশো, সেরা অভিনেত্রী তমা মির্জা এবং সেরা নবীন অভিনয়শিল্পী হিসেবে সম্মাননা অর্জন করেন শাম্মি ইসলাম নীলা।

সন্ধ্যার সবচেয়ে আবেগঘন পর্ব ছিল আজীবন সম্মাননা প্রদান। ২০২৬ সালে এই সম্মাননায় ভূষিত হন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের বরেণ্য অভিনেতা এম. এ. আলমগীর। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।


এছাড়া, সংগীতে অসামান্য অবদানের জন্য দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস-কে দেয়া হয় বিশেষ সম্মাননা। তার হাতে পুরস্কার তুলে দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। পুরস্কার প্রদান পর্বের পাশাপাশি ছিল নানা সাংস্কৃতিক পরিবেশনা, যা পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।

১৯৯৯ সালে যাত্রা শুরু করা এই আয়োজনটি আজ দেশের বিনোদন অঙ্গনের একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত। মেরিল ও প্রথম আলোর দীর্ঘদিনের এই যৌথ উদ্যোগ দেশীয় সংস্কৃতির ধারাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।