- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
টয়লেটে সিগারেট ধরাতেই বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু
অনলাইন ডেস্ক ►
পুরান ঢাকার একটি বাসার শৌচাগারে সিগারেট ধরাতে গিয়ে গ্যাসের বিস্ফোরণে দগ্ধ হওয়া কলেজছাত্র দীন ইসলাম ওরফে সিয়াম (২০) পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
জানা গেছে, গত রোববার (১২ জুলাই) দিবাগত রাত একটার দিকে নাজিমুদ্দিন রোডের আলী নেকি দেউড়ি এলাকায় নিজ বাসার টয়লেটে এ দুর্ঘটনা ঘটে। দীন ইসলাম সেখানে সিগারেট ধরাতে গ্যাসলাইট ব্যবহার করলে বিস্ফোরণ ঘটে এবং তিনি গুরুতর দগ্ধ হন। তিনি ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবং রায়হান স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ কর্মকর্তা ও স্বজনদের প্রাথমিক ধারণা, টয়লেটের ভেতরে আগে থেকেই কোনোভাবে গ্যাস জমে ছিল। গ্যাসলাইট জ্বালানোর সঙ্গে সঙ্গেই আগুন ছড়িয়ে বিস্ফোরণ ঘটে।
দুর্ঘটনার পরপরই দীন ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে তিনি বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের ভাষ্য, তার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন গণমাধ্যমকে দীন ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।