• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৪-৪-২০২৬, সময়ঃ বিকাল ০৪:১৭

তুলসীঘাট বাফার গোডাউন সংলগ্ন সড়কে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল



নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতার সিন্ডিকেট ও সার সংকটের আশঙ্কায় জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে শনিবার সকালে সদর উপজেলার তুলসীঘাট বাফার গোডাউন সংলগ্ন এলাকায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতার মাধ্যমে সারের কৃত্রিম সংকট তৈরি করে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে বল্লমঝাড় ও সাহাপাড়া ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দল।

প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গাইবান্ধা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন একজন চিহ্নিত পলাতক আসামি। তাকেই সরকারি গুরুত্বপূর্ণ কাজের টেন্ডার দেওয়া আইনের শাসনের পরিপন্থী। তাই অবিলম্বে এই লোডিং টেন্ডার বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় স্থানীয় শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ শেষে বিক্ষোভকারিরা পলাশবাড়ি গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের বাফা গোডাউনের সামনে ঘন্টাব্যাপি অবরোধ করে রাখে। এসময় রাস্তার দু পাশে ঢাকাগামিসহ সকল পরিবহন চলাচলা বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় সদস্য এ্যাড, কাজী ফকু, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এস এম হুনান হক্কানী, সার গোডাউন শ্রমিক দলের সভাপতি নুর মোহাম্মদ প্রিন্স, হাফিজ আল আসাদ লিখনসহ অন্যান্যরা।