• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে কিশোর নিহত, আহত ৮ রুশ নাগরিকসহ ১২



নাটোর প্রতিনিধি ►

নাটোরের গুরুদাসপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মো. ফিরোজ হোসেন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত আট রুশ নাগরিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ হোসেন দুর্ঘটনাকবলিত ট্রাকের হেলপার ছিলেন। তিনি নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, নাটোর থেকে ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাক এবং ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুরগামী একটি যাত্রীবাহী বাস তালবাড়িয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার ফিরোজ নিহত হন। দুর্ঘটনায় উভয় গাড়ির চালক, ট্রাকের হেলপার এবং বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে রূপপুর প্রকল্পে কর্মরত আটজন রুশ নাগরিক রয়েছেন। তাদের মধ্যে চারজন নারী।

খবর পেয়ে গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। গুরুদাসপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার রুস্তম আলীর নেতৃত্বে আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের যৌথ প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে রাত ১১টার দিকে মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ এবং সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নেন। এ সময় তারা চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।