- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
পীরগাছা স্বাস্থ্য কর্মকর্তার মৌখিক নির্দেশে কমিউনিটি ক্লিনিকের গাছ বিক্রির অভিযোগ
পীরগাছা প্রতিনিধি ►
রংপুরের পীরগাছা উপজেলার বালাটারী কমিউনিটি ক্লিনিকের একটি বড় শিলকড়াই গাছ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ও নিলাম ছাড়াই বিক্রি করার অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মৌখিক নির্দেশের কথা উল্লেখ করে ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) আব্দুল জলিল গত রবিবার গাছটি কেটে বিক্রি করেন।
সরেজমিনে দেখা যায়, ক্লিনিকের ক্যাম্পাসের ভেতরে প্রায় অর্ধশতাব্দী বয়সী ৩৫-৪০ ফুট উঁচু শিলকড়াই গাছটি ক্লিনিকের দরজাসংলগ্ন ছিল। স্থানীয় বাসিন্দারা জানান, গাছটি ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে। তবে সিএইচসিপি আব্দুল জলিল গণমাধ্যমকে দাবি করেন, তিনি ২৪ হাজার টাকায় গাছ বিক্রি করেছেন।
ক্লিনিকের ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য হোসেন সিদ্দিকী জানান, আমাকে মাসিক বা ত্রৈমাসিক কোনো বৈঠকে আমন্ত্রণ জানানো হয় না, রেজুলেশন বহিতে স্বাক্ষরও নেওয়া হয় না। তিনি বলেন, গাছ বিক্রির আগে তিনি বিধি অনুযায়ী নিলামের কথা বললেও সিএইচসিপি তা মানেননি।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, তিনি ক্লিনিক ব্যবস্থাপনার স্থানীয় কমিটির মাধ্যমে গাছ বিক্রি করার নির্দেশ দিয়েছিলেন। তবে সিএইচসিপি আব্দুল জলিলের বক্তব্য ভিন্ন তিনি বলেন, কর্মকর্তার মৌখিক নির্দেশেই গাছ বিক্রি করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তারেক হাসান তাহসিন বলেন, আমার জানামতে নিলাম ছাড়া সরকারি গাছ বিক্রির সুযোগ নেই। রংপুর জেলার সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা জানান, বিধি অনুযায়ী নিলামের মাধ্যমেই গাছ বিক্রি করতে হবে। তিনি বলেন, ‘কেউ নিয়মের ব্যত্যয় ঘটালে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।