• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

ফুলছড়িতে শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ



ফুলছড়ি প্রতিনিধি ►
শিশু নির্যাতন, সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ধর্মীয় নেতাদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক আচরণ পরিবর্তন যোগাযোগের কৌশলের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ফুলছড়ি উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পরিবর্তন (চেঞ্জ) প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ইমাম, খতিব, কাজী ও ধর্মীয় নেতারা অংশগ্রহণ করেন। দুইদিন ব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পরিবর্তন (চেঞ্জ) প্রকল্পের প্রকল্প কর্মকর্তা রেখা খাতুন।

বুধবার (২৪ জুন) দুপুরে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশু নির্যাতন ও বাল্যবিবাহ কেবল পারিবারিক সমস্যা নয়, এটি একটি সামাজিক ব্যাধি। এসব প্রতিরোধে ধর্মীয় নেতারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ধর্মীয় মূল্যবোধ ও ইতিবাচক বার্তা সমাজের মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার সক্ষমতা তাঁদের রয়েছে। তাই এ বিষয়ে তাঁদের সম্পৃক্ততা জরুরি।

প্রশিক্ষণে শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব এবং সামাজিক আচরণ পরিবর্তনে কার্যকর যোগাযোগ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী ধর্মীয় নেতাদের নিজ নিজ এলাকায় সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পরিবর্তন (চেঞ্জ) প্রকল্পের কর্মী জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, ফুলছড়ি থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম, কাজী আমজাদ হোসেন এবং কাজী আশরাফুল ইসলাম টিটু।

আয়োজকরা জানান, শিশু সুরক্ষা নিশ্চিত এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে ধর্মীয় নেতাদের আরও কার্যকরভাবে সম্পৃক্ত করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।