• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

ফুলহাম থেকে ধারে নতুন ক্লাবে বাংলাদেশের ফারহান



অনলাইন ডেস্ক ►

ইংলিশ প্রিমিয়ার লিগের দল ফুলহামের মূল দলে অভিষেকের গুঞ্জনটা বেশ জোরেসোরেই উঠছিল। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে পারফর্ম করে নজর কেড়েছিলেন ফুটবলপ্রেমীদের। তবে সেই সম্ভাবনার মাঝেই ভিন্ন এক খবর এলো। এক বছরের ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের (ন্যাশনাল লিগ) ক্লাব বোরহ্যাম উডে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার ফারহান আলি ওয়াহিদ।

নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ১৯ বছর বয়সী এই সম্ভাবনাময় তরুণের ধারে দলবদলের তথ্যটি শুক্রবার নিশ্চিত করেছে ফুলহাম। একই সঙ্গে তরুণ এই উইঙ্গারের নতুন সফরের জন্য শুভকামনাও জানিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। গত মৌসুমে ন্যাশনাল লিগের প্লে-অফ ফাইনালে ওঠা বোরহ্যাম উড শনিবার ট্যামওয়ার্থের বিরুদ্ধে ঘরের মাঠে তাদের নতুন মৌসুমের লড়াই শুরু করতে যাচ্ছে। 

ফুলহামের হয়ে গত মৌসুমটা চমৎকার কেটেছে ফারহানের। ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে মাঠে নেমে ৭টি গোল উপহার দেন তিনি। এরপর অনূর্ধ্ব-২১ দলের হয়ে অভিষেক ম্যাচেই পান গোলের দেখা। যুব দলের হয়ে মাত্র চার মাস খেলার অভিজ্ঞতায় গত বছরের নভেম্বরেই জিতে নেন পিএলটু-এর মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার; সে মাসে দুই ম্যাচ খেলে তার পা থেকে আসে তিন গোল। 

যুব দলের এমন নজরকাড়া পারফরম্যান্সের ওপর ভর করেই ফারহান সুযোগ পান ফুলহামের মূল দলের প্রাক-মৌসুম প্রস্তুতি স্কোয়াডে। প্রিপারেশন ম্যাচে নরিচ সিটির বিপক্ষে ২-০ গোলে হারের দিনে প্রথমবার সিনিয়র জার্সিতে মাঠে নামেন এই তরুণ। পরবর্তীতে আল-আহলির বিপক্ষে ১-১ ড্র ও ফারেসির বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচেও দেখা গেছে তাকে। মূল দলের হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি সারায় ধারণা করা হচ্ছিল, খুব শীঘ্রই প্রিমিয়ার লিগে ফুলহ্যামের মূল স্কোয়াডে সুযোগ পাবেন ফারহান।

তবে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেকের অপেক্ষার মধ্যেই তাকে ধারে পঞ্চম স্তরের ক্লাবে পাঠালো ফুলহাম। এদিকে, ইংল্যান্ডের ফুটবলে সম্ভাবনার আলো ছড়ানো এই উদীয়মান তারকাকে লাল-সবুজের জাতীয় দলে খেলানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।