- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
বিশ্বকাপ উন্মাদনা: গাইবান্ধা শহরে আর্জেন্টিনার বিশাল আনন্দ শোভাযাত্রা
ভবতোষ রায় মনা ►
বিশ্বকাপ ফুটবলের আমেজ আর প্রিয় দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে গাইবান্ধা শহরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দ শোভাযাত্রা বের করেন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় পৌর শহীদ মিনার চত্বর থেকে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন কয়েকশ আর্জেন্টিনা ভক্ত। সমর্থকদের হাতে ছিল প্রিয় দলের বিশাল পতাকা, জার্সিসহ বিভিন্ন ব্যানার ও ফেস্টুন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় পুরো শহর মুখরিত হয়ে ওঠে ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ স্লোগানে।
শোভাযাত্রায় অংশ নেওয়া এক তরুণ সমর্থক জানান, আমরা ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের ভক্ত। লিওনেল মেসির খেলা আমাদের মুগ্ধ করে। প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই আমরা এই আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছি। শোভাযাত্রাকে কেন্দ্র করে শহরের সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল দেখা দেয়। অনেকে পথের দুই পাশে দাঁড়িয়ে সমর্থকদের উল্লাস উপভোগ করেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে এই বর্ণিল শোভাযাত্রাটি সম্পন্ন হয়েছে।