- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
ভুটানকে হারিয়ে নারী সাফে নেপালের শুভসূচনা
অনলাইন ডেস্ক ►
মাঠের লড়াইয়ে ভুটানের মেয়েরা বেশ ভালোই ঘাম ছুটিয়েছিল ফেবারিট নেপালের। তবে শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে‘সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ শুভসূচনা করেছে হিমালয়ের দেশ নেপাল। সোমবার ভারতের গোয়ার মারগাওর পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে নেপালি মেয়েরা।
ম্যাচের শুরু থেকেই নেপালের আক্রমণভাগের সামনে শক্ত প্রতিরোধ গড়ে তোলে ভুটানের রক্ষণভাগ। ম্যাচের ২৩ মিনিটে নিজেদের ডি-বক্সে নেপালের একটি আক্রমণ ক্লয়িার করতে গিয়ে ভুলবশত নিজেদের জালেই বল জড়িয়ে বসেন ভুটানের ডিফেন্ডার দর্জি এডন।এই আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নেপাল। প্রথমার্ধের এই লিড ম্যাচের বাকি সময়ে আর ভাঙা সম্ভব হয়নি।
দ্বিতীয়ার্ধে ভুটান সমতায় ফিরতে মরিয়া হয়ে বেশ কিছু ভালো আক্রমণ চালায়। অন্যদিকে ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছিল নেপালও। তবে ফিনিশিংয়ের অভাবে বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে নেপালি মেয়েরা। গ্রুপ ‘এ’ থেকে নেপাল ও ভুটান তাদের পরবর্তী ম্যাচগুলোতে মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। অন্যদিকে, টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে শিরোপার লক্ষ্যে লড়াই করছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ, স্বাগতিক ভারত এবং মালদ্বীপ। আগামী ২৮ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু হবে বাংলাদেশের মেয়েদের। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, দুই গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ৭ জুন মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের এই মর্যাদাপূর্ণ আসরের।
মাধুকর/এমআর