• মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ বুধবার দেশে ফেরার সম্ভাবনা, দাফন মাদারীপুরে



অনলাইন ডেস্ক ►

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী বুধবার (৬ মে) দেশে পৌঁছাতে পারে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে ওই দিনই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন জানিয়েছেন, মরদেহ দেশে আসার পর মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দুপুর গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সোমবার সন্ধ্যায় মোবাইল ফোনে আলাপকালে বৃষ্টির বাবা জানান, আগামী বুধবার যুক্তরাষ্ট্রে জানাজা শেষে বৃষ্টির নিথর দেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। তিনি বলেন, আমার মেয়ের দাফন আমাদের গ্রামের বাড়িতেই হবে। বুধবারের পর যেকোনো দিন তার মরদেহ দেশে পৌঁছাতে পারে।

নিহত নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) থেকে স্নাতক শেষ করে উচ্চশিক্ষার জন্য গত বছরের ১২ আগস্ট যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি ফ্লোরিডার একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। সেখানে তার সহপাঠী জামিল আহম্মেদ লিমনের সঙ্গে সুসম্পর্ক ছিল। জানা গেছে, লিমনের একজন মার্কিন রুমমেটের সঙ্গে বিরোধের জেরে গত ১৬ এপ্রিল ক্যাম্পাস থেকে বৃষ্টি ও লিমনকে র্দুবৃত্তরা অপহরণ করে।

নিখোঁজের আট দিন পর পুলিশ লিমনের খণ্ডিত দেহ উদ্ধার করে এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে বৃষ্টির মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করা হয়। বৃষ্টির অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জহির উদ্দিন আকন পেশাগত কারণে ঢাকার মিরপুরে সপরিবারে বসবাস করলেও নাড়ির টানে মেয়েকে গ্রামের মাটিতেই সমাহিত করতে চান।

এদিকে, নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে সোমবার (২৭ এপ্রিল) মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৃষ্টির গ্রামের বাড়িতে যান। জেলা প্রশাসক বৃষ্টির বাবার সঙ্গে কথা বলেন এবং এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। উল্লেখ্য, মেধাবী এই শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে দেশ ও প্রবাসে গভীর শোক ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।