• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

রকস্টার শাকিবের অ্যানিমেটেড চমক: ঈদে মুক্তির প্রস্তুতি



অনলাইন ডেস্ক ►

ঢালিউড সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা রকস্টার নিয়ে ভক্তদের উন্মাদনা বেড়েই চলেছে। পোস্টারের পর এবার সিনেমাটির একটি বিশেষ এনিমেটেড টিজার প্রকাশ করেছেন অভিনেতা নিজেই। নিজের ফেসবুক পেজে টিজারটি শেয়ার করার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

৫৩ সেকেন্ডের এই টিজারে দেখা যায় প্রতীকী এক দৃশ্য-নীল আকাশে ডানা মেলে ওড়া এক সাদা পাখি, যা স্বাধীনতার বার্তা দিচ্ছে। হঠাৎ বজ্রপাতে পাখিটি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ার মাধ্যমে গল্পের প্রেক্ষাপট ফিরে যায় অতীতে। সেখানে উঠে আসে এক শিশুর শৈশব আর তার সংগীত তারকা হওয়ার স্বপ্ন। টিজারের শেষ দিকে শাকিব খানকে দেখা যায় গিটার হাতে একজন পূর্ণাঙ্গ রকস্টার হিসেবে, যা তার বোহেমিয়ান ও দাপুটে ইমেজকে ফুটিয়ে তুলেছে।

সিনেমার পরিচালক আজমান রুশো জানিয়েছেন, দর্শকদের জন্য সামনে আরও বড় বড় চমক অপেক্ষা করছে। বর্তমানে টঙ্গীতে সিনেমার শেষ মুহূর্তের দৃশ্যধারণ চলছে। শাকিব খানের বিপরীতে এই সিনেমায় অভিনয় করেছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলাসহ আরও কয়েকজন পরিচিত মুখ।
এর আগে সিনেমাটির দুটি পোস্টার প্রকাশিত হয়েছিল-যার একটিতে শাকিবকে পাওয়া গেছে মারমুখী লুকে, আর অন্যটিতে সাবিলা নূরের সাথে রোমান্টিক আবহে। আগামী ৫ মে সিনেমার মূল টিজার প্রকাশিত হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী কোরবানি ঈদে রকস্টার সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।