• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু: উত্তরের বিদ্যুৎ সংকটে স্বস্তি



দিনাজপুর প্রতিনিধি►

দীর্ঘ ছয় দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র। যান্ত্রিক ত্রুটি সারিয়ে আজ শুক্রবার ভোর ৪টা ২২ মিনিটে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি সচল করা হয়েছে। বর্তমানে এই ইউনিট থেকে উৎপাদিত ৫৫-৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে, যা উত্তরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

সূত্রমতে, গত ২৫ এপ্রিল এই গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রটির ১ নম্বর ইউনিটের বয়লারের পাইপ ফেটে যায়। কয়লার সঙ্গে বড় আকৃতির পাথর চলে আসায় এই যান্ত্রিক গোলযোগের সৃষ্টি হয়। এর ফলে কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। ফলে দিনাজপুরসহ রংপুর বিভাগের আটটি জেলায় ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং দেখা দেয়। 

বিদ্যুৎকেন্দ্রটির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ২০০৬ সালে এটি ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা নিয়ে যাত্রা শুরু করে। শুরুতে দুটি ১২৫ মেগাওয়াট ইউনিট থাকলেও ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটটি যুক্ত হয়। তবে দীর্ঘদিনের পুরনো যন্ত্রপাতি ও কারিগরি সীমাবদ্ধতার কারণে কেন্দ্রটি কখনই পূর্ণ ক্ষমতায় সচল থাকতে পারেনি।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের সহকারী প্রধান প্রকৌশলী মো. মোহসীনুল ফিরোজ জানান, প্রকৌশলীদের অক্লান্ত পরিশ্রমে ১ নম্বর ইউনিটটি চালু করা সম্ভব হয়েছে। বর্তমানে ৩ নম্বর ইউনিটের বড় ধরনের সংস্কার বা ওভারহোলিং কাজ চলছে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের দেওয়া তথ্যমতে, আগামী ১৫ মে’র মধ্যে ৩ নম্বর ইউনিটটিও উৎপাদনে ফিরতে পারে। ওই ইউনিটটি সচল হলে এই অঞ্চলের লোডশেডিং পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে।