• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

‘জীবন কোনো দিনই সরল ছিল না, হবেও না’



অনলাইন ডেস্ক ►
নতুন চরিত্রে নিজেকে ভেঙে গড়ার আরেক নাম যেন জয়া আহসান। বাংলাদেশ থেকে কলকাতা, এরপর বলিউড—সবখানেই অভিনয় দিয়ে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি। এবার মুক্তি পেল তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার, আর সেটির সঙ্গে ভাগ করে নিলেন জীবনের সম্পর্ক ও অনুভূতি নিয়ে এক আবেগঘন বার্তা।

শুক্রবার (২৬ জুন) প্রকাশ্যে এসেছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’র দ্বিতীয় কিস্তি ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার। ট্রেলারটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেছেন জয়া আহসান। পাশাপাশি জীবনের জটিল সমীকরণ ও সম্পর্কের পরিবর্তনশীল রূপ নিয়ে একটি হৃদয়ছোঁয়া স্ট্যাটাস দিয়েছেন তিনি। পোস্টে জয়া আহসান লিখেছেন, ‘জীবন কোনো দিনই সরল ছিল না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ।’

সম্পর্কের নানা মাত্রা তুলে ধরে তিনি আরো লেখেন, “এই অনন্ত খোঁজের খেলায় কোনো প্রাক্তন বা বর্তমানের ভেদাভেদ থাকে না। সব গণ্ডি মুছে যায়! এ রকমই সামনে চলার কঠিন একটা দলিল ‘আজও অর্ধাঙ্গিনী’। আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ সম্পর্কের সূক্ষ্ম টানাপড়েন, ভালোবাসা, অভিমান ও ক্ষমার গল্পে দর্শকদের মুগ্ধ করেছিল। সেই আবেগঘন গল্পেরই নতুন অধ্যায় নিয়ে আসছে ‘আজও অর্ধাঙ্গিনী’।

এর আগে সিনেমাটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জয়া আহসান বলেছিলেন, ‘অর্ধাঙ্গিনী ছিল অত্যন্ত পরিণত ও সংবেদনশীল একটি গল্প। সেই গল্পের পরবর্তী অংশে কাজ করতে পারাটা আমার জন্য আনন্দের। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই সিনেমায় আগের কিস্তির মতোই অভিনয় করেছেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলী ও জয়া আহসান। নতুন সংযোজন হিসেবে দেখা যাবে ইন্দ্রাশিস রায় ও অম্বরীশ ভট্টাচার্যকে।