• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অ্যাসোসিয়েশন ক্রিকেটের শিরোপা জিতল শেরপুর সেতুবন্ধন



বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাকানইবি) রাজশাহী ডিভিশনাল কমিউনিটি আয়োজিত ‘আন্তঃ অ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্ট’-এর তৃতীয় আসরের বর্ণাঢ্য পরিসমাপ্তি ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের ১৮টি অ্যাসোসিয়েশনের অংশগ্রহণে টানা তিন দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে কুমিল্লা অ্যাসোসিয়েশনকে পরাজিত করে শিরোপা জিতেছে শেরপুর সেতুবন্ধন।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও বিজ্ঞান ভবন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শেরপুর সেতুবন্ধন। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং ও ধারাবাহিক আক্রমণে কুমিল্লা অ্যাসোসিয়েশনকে চাপে ফেলে তারা। ব্যাটিং বিপর্যয়ে পড়ে কুমিল্লা দল সবকটি উইকেট হারিয়ে মাত্র ৪১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। জবাবে ৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেরপুর সেতুবন্ধন আত্মবিশ্বাসী ব্যাটিং প্রদর্শন করে সহজেই জয় নিশ্চিত করে এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে নজর কাড়েন শেরপুর সেতুবন্ধনের খেলোয়াড় আবু হুরাইরা। ফাইনালে অনবদ্য নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে তিনি ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। পাশাপাশি সর্বোচ্চ উইকেট শিকার করে ‘টপ উইকেট টেকার’ এবং ধারাবাহিক পারফরম্যান্সের জন্য ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কারও নিজের করে নেন। গ্রুপ পর্ব, সুপার সিক্স ও সেমিফাইনালের উত্তাপ পেরিয়ে রাত ১১টায় গড়ানো এই ফাইনাল ম্যাচটি ছিল দর্শকপূর্ণ ও প্রতিযোগিতামূলক আবহে ভরপুর।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন রাজশাহী ডিভিশনাল কমিউনিটির সভাপতি সজিব ইসলাম, সহ-সভাপতি তানিম ইসরাক ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। এ সময় আল শাহরিয়ার রিদন, ইকবাল মাহমুদ, জীবন সরকার, মেসবাউল হক, ইমরান তালুকদার ও রবিউল ইসলামসহ কমিউনিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এমন আয়োজন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আঞ্চলিক অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।