- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
রংপুরে পোস্টাল ভোট দিচ্ছেন কারাগারের ১১৯ বন্দি
রংপুর সংবাদদাতা ►
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোটের আয়োজন করা হয়েছে। রংপুর জেলায় ছয়টি সংসদীয় আসনে ‘পোস্টাল ব্যালটে’ ভোট দেবেন ২৩ হাজার ৫৬৭ জন ভোটার। এরমধ্যে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে ১১৯ জন পোস্টাল ভোট দিচ্ছেন।
রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার অভিজিৎ চৌধুরি জানান, রংপুর কেন্দ্রীয় কারাগারে হাজতি-কয়েদি মিলে ১০৪৩ বন্দি রয়েছেন। সেখানে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন ১১৯ জন। এদের মধ্যে হাজতি এবং কয়েদি রয়েছে। নিবন্ধিত হাজতি ও কয়েদিদের জন্য পোস্টাল ভোট গত ৩ রা ফেব্রুয়ারি শুরু হয়ে গতকাল ৫ ফেব্রুয়ারি শেষ হয়। এই তিনদিনের জন্য কারাগারে পোস্টাল ভোট গ্রহণে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, রংপুর জেলায় মোট ২৩ হাজার ৫৬৭ জন ভোটার পোস্টাল ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন।
নিবন্ধিতরা হলেন, প্রবাসী, সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও কারাগারের কয়েদি-হাজতি রয়েছেন। যারা নিবন্ধিত হয়েছে তারা আগামী ১২ই ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ ভোট দিতে পারবেন। এর আগে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেন তারা। গত ৫ই জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময়সীমা ছিল। পরে নিবন্ধিত ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পাঠানো হয়।