- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
সুন্দরগঞ্জের মানুষকে নিরাপত্তা দিতে পারবে জাতীয় পাটি: জাপা মহাসচিব শামীম
সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
জাতীয় পাটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করতে পারে না সরকার। আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে এই দেশে। ৩২ নম্বরের বাড়িটি স্বাধীনতার ইতিহাস। ওই বাড়িটির তো কোনো দোষ ছিল না। সেই বাড়িটিতে তিনবার আক্রমণ করে ভেঙে ফেলা হয়েছে। ছাত্ররা আন্দোলন করে ক্লাসে ফিরে যাওয়ার কথা। সেই ছাত্ররা আজ দল গঠন করে রাজনীতি করছেন। এটি একটি মেটিকুলাস ডিজাইন। সকল দলের ভুলত্রুটি আছে, সে জন্য কোনো দলকে ব্যান্ড করা রাজনৈতিক সমাধান হতে পারে না। গত শুক্রবার রাত ৮টার দিকে বামনডাঙ্গা আব্দুল হক মহাবিদ্যালয় মাঠে জাতীয় পাটির নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথ বলেন।
বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মো. রোজাউল হক রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য আরও উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি মো. আনছার আলী সরদার, সহ-সভাপতি মো. জহুরুল হক বাদশা, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান মন্ডল প্রমুখ। এর আগে জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর ইউনিয়ন পরিষদ মাঠ এং শান্তিরাম ইউনিয়নের খামারপাঁচগাছি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভায় বক্তব্য দেন।
তিনি বলেন, দেশে সুশাসন নেই। দেশ একটি ক্লান্তি লগ্নে দাঁড়িয়ে আছে। সুন্দরগঞ্জের মানুষকে নিরাপত্তা দিতে পারবে জাতীয় পাটি। তাই লাঙলে ভোট দিতে হবে। একটি দল দেশটাকে পাকিস্তান বানাতে চায়। তারা মা-বোনদের অসম্মান করছেন এবং আজকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক পরিবর্তন করছেন। এই দেশটাকে বাঁচাতে পারে একমাত্র জাতীয় পাটি। এই সরকার দেশ চালাতে সম্পূর্ণরূপে ব্যর্থ সরকার। মবের ভয়ে এই সরকার বিচার করতে পারছেন না। যারা ৭১ এর চেতনাকে ধুলিসাৎ করেছেন, তাদের বিচার এই দেশের মাটিতে হবে। এই সরকারের ভয়ে বিচারপ্রতি পর্যন্ত পদত্যাগ করছেন।
তিনি আরও বলেন দেশের জন্য সকল রাজনৈতিক দল আন্দোলন করেছে। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য জাতীয় পাটিকে ভোট দিতে হবে। দেড় বছরে সরকার এই দেশকে নরকে পরিণত করেছে। তিনি দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে মবকে মোকাবেলা করার আহবান জানান। সুন্দরগঞ্জের ভাগ্য পরিবর্তনের জন্য লাঙলে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাতে হবে। তাহলে সুন্দরগঞ্জের মানুষ শান্তিতে থাকতে পারবেন।