• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

রংপুর-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত ও বিএনপি প্রার্থীকে শোকজ



রংপুর সংবাদদাতা  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রংপুর-১ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত ও বিএনপির দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গত রোববার বিকেলে  বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের বিচারক সামিউল আলম। নোটিশে জানানো হয়, জামায়াতের প্রার্থী রায়হান সিরাজীর বিরুদ্ধে নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে গাছের সঙ্গে ফেস্টুন টানানোর অভিযোগ উঠেছে। বিষয়টি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৭ (গ)-এর পরিপন্থি বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজনের বিরুদ্ধে লিফলেট/হ্যান্ডবিল পোস্টার আকারে সাঁটানোর অভিযোগ আনা হয়েছে, যা একই বিধিমালার বিধি ৭ (ক) লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়।  নোটিশে বলা হয়, এ ধরনের কার্যক্রম নির্বাচনের সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশ ব্যাহত করতে পারে। আচরণবিধি লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। দুই প্রার্থীকে আজ ৯ ফেব্রুয়ারি সোমবার রংপুর ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।  অভিযোগের বিষয়ে মোকাররম হোসেন সুজন বলেন, ‘নোটিশ এখনো পাইনি। পেলে যথাযথভাবে ব্যাখ্যা দাখিল করব।’ রায়হান সিরাজী বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যে কোনো অভিযোগের জবাব আইনের মাধ্যমে দেব। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বলেন, কমিটির নির্দেশনা পাওয়া গেছে এবং সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে নোটিশ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।  এ বিষয়ে রংপুর ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের বিচারক সামিউল আলম বলেন, নির্বাচনী আচরণবিধি সবার জন্য সমানভাবে প্রযোজ্য। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কমিটি কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।