• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

ভারত-পাকিস্তান ম্যাচের এখনও অনিশ্চয়তা কাটেনি



অনলাইন ডেস্ক ►

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের নির্ধারিত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে লাহোরে বৈঠকে বসেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্মকর্তারা।  রবিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি রাত পর্যন্ত চললেও আলোচনার বিষয়ে আইসিসি, পিসিবি কিংবা বিসিবির কোনো পক্ষই গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলেনি।  প্রায় চার ঘণ্টা ধরে চলা এই বৈঠকের পর কোনো যৌথ ঘোষণা দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাতের খাবারের বিরতির পর দ্বিতীয় দফার আলোচনা শুরু হওয়ার কথা ছিল।  তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্র জানায়, বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত পাকিস্তান সরকারের অনুমোদনের পরই প্রকাশ করা হতে পারে।

সূত্রগুলো আরও জানায়, বৈঠকে পিসিবির পক্ষ থেকে মূলত আইসিসির অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের অতিরিক্ত প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পিসিবির অভিযোগ, বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আইসিসির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অস্বাভাবিকভাবে প্রভাব বিস্তার করছে, যা পাকিস্তানের কাছে গ্রহণযোগ্য নয়।

একই সঙ্গে সূত্র দাবি করেছে, বাংলাদেশের জন্য আইসিসির পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণমূলক প্রস্তাব দেওয়া হয়নি-শুধু আইসিসির রাজস্ব থেকে পূর্ণ অংশ পাওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা নাকি পিসিবিকে পরামর্শ দিয়েছেন, বিষয়টি আইসিসির সালিশি কমিটিতে তোলা বা বোর্ড সভায় উত্থাপন করতে এবং ক্রিকেটের স্বার্থে দ্রুত ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট প্রত্যাহার করতে।

এর আগে রোববার সন্ধ্যায় আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা লাহোরে পৌঁছান এবং পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে সাক্ষাৎ করেন। একই দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও লাহোরে পৌঁছান।

পিসিবির পক্ষ থেকে জানানো হয়, গাদ্দাফি স্টেডিয়ামে নাকভি ও বুলবুলের মধ্যে চলমান সংকট নিয়ে বৈঠক হয়েছে। এ সময় বিসিবি সভাপতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের প্রতি পাকিস্তানের ‘সমর্থনের’ জন্য কৃতজ্ঞতা জানান। এই বৈঠকে পিসিবি চেয়ারম্যানের উপদেষ্টা আমির মির এবং পিএসএল সিইও সালমান নাসিরও উপস্থিত ছিলেন।