• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গাইবান্ধায় জাতীয় পার্টির বিশাল নির্বাচনি মিছিল



নিজস্ব প্রতিবেদক ►

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী আব্দুর রশিদ সরকারের বিশাল নির্বাচনি মিছিল হয়েছে। সদর উপজেলার ১৩ ইউনিয়নসহ পৌরসভার জাতীয় পার্টির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা মিছিলে অংশ নেন। ফলে পুরো গাইবান্ধা শহর মিছিলের শহরে পরিণত হয়।

আজ সোমবার দুপুরে সদর উপজেলা জাতীয় পার্টি এই মিছিলের আয়োজন করে। সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা লাঙল প্রতীকসহ ব্যানার, ফেস্টুন নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে গাইবান্ধা পৌর শহীদ মিনারে সমবেত হতে থাকেন। পরে প্রার্থী আব্দুর রশিদ সরকারের নেতৃত্বে বিশাল মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় শহরে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। মিছিলটি পুনরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এখানে এক সমাবেশে বক্তব্য দেন প্রার্থী আব্দুর রশিদ সরকার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মুকুল প্রমুখ।

বক্তব্যে আব্দুর রশিদ সরকার বলেন, নির্বাচিত হলে এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনাদের সমর্থন পেলে এই এলাকার উন্নয়ন পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ উন্নয়ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা হবে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে জনগণের ভোটে বিজয়ী হওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।