- মাধুকর প্রতিনিধি
- ৪৭ মিনিট আগে
গাইবান্ধায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত ভোট কেন্দ্রের দায়িত্বে ৯ হাজার সদস্য
নিজস্ব প্রতিবেদক ►
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা জেলায় নির্বাচনী নিরাপত্তা জোরদারে প্রস্তুত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। জেলার ৬৭৫টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৯ হাজার আনসার সদস্যকে নিয়োজিত করা হয়েছে।
মঙ্গলবার সকালে গাইবান্ধা জেলা স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদেরকে দিকনির্দেশনা দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে ভোটকেন্দ্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেন।
সমাবেশে উপস্থিত ছিলেন হিলি হাকিমপুর দিনাজপুর অঞ্চলের ৩৩ আনসার ব্যাটালিয়নের পরিচালক (অধিনায়ক) মো. আহসানউল্লাহ। বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাইবান্ধা জেলা কমান্ডেন্ট আবু সোলায়মান।
সমাবেশে জানানো হয়, গাইবান্ধা জেলার প্রতিটি ভোটকেন্দ্রে একটি করে নিরাপত্তা দল দায়িত্ব পালন করবে। প্রতি কেন্দ্রে থাকবেন একজন সরকারি সেকশন কমান্ডারের নেতৃত্বে মোট ১৩ জন আনসার সদস্য। এর মধ্যে ৪ জন থাকবেন নারী আনসার, যাতে নারী ভোটাররা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন।
৩৩ আনসার ব্যাটালিয়নের পরিচালক (অধিনায়ক) মো. আহসানউল্লাহ বলেন, নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা আনসার বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। সবাইকে নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে আনসার বাহিনী।
জেলা কমান্ডেন্ট আবু সোলায়মান বলেন, গাইবান্ধা জেলার সব আনসার সদস্য এরই মধ্যে নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। প্রশিক্ষণ ও ব্রিফিংয়ের মাধ্যমে সবাইকে দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে। সমাবেশ শেষে আনসার সদস্যদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাদার আচরণ বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
প্রসঙ্গত, জেলার পাঁচটি সংসদীয় আসনের মোট ৬৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৭৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং এর মধ্যে ৭৯টি কেন্দ্রকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিাতব্য নির্বাচনে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে মোট ২১ লাখ ৯০ হাজার ৪০০ ভোটার ৬৭৫টি ভোটকেন্দ্রের ৪ হাজার ১০১টি ভোটকক্ষে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।