- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ
নিজস্ব প্রতিবেদক ►
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ৬৭৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকে ভোটাররা আসছেন কেন্দ্রগুলোতে। লাইনে দাঁড়িয়ে থাকার পর তাদের নির্বিঘ্নে ভোট প্রদান করতে দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ, গাইবান্ধা-২ সদর উপজেলা, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী), গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) এই পাঁচটি সংসদীয় আসনের ২১ লাখ ৭২ হাজার ৪৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ আসনগুলো বিএনপি-জামায়াত জোটসহ অন্যান্য মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, গাইবান্ধা জেলায় মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৯০ হাজার ৪০০ জন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার পাঁচটি আসনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩২ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত এবং ৮ জন স্বতন্ত্র প্রার্থী।
গাইবান্ধা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসন মো. মাসুদুর রহমান মোল্লা জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ১১০০ সেনা সদস্য, ৪০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ১৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ আড়াই হাজার পুলিশ ও ১৪টি র্যাব টহল টিম রয়েছেন। ভোটকেন্দ্র সার্বক্ষণিক নজরদারির জন্য সিসিটিভি স্থাপন করা হয়েছে।