• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

দিনাজপুরে ছয়টি আসনে ভোটগ্রহণ শুরু, ভোটারদের দীর্ঘ লাইন



দিনাজপুর প্রতিনিধি উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জেলার ছয়টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়, যা কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে এবারের নির্বাচনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে দিনাজপুরে নেওয়া হয়েছে ব্যাপক ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসি ক্যামের। কেন্দ্রের ভেতরে দায়িত্ব পালন করছেন পুলিশ ও আনসার সদস্যরা। এছাড়া ভোটকেন্দ্রের বাইরে মোতায়েন রয়েছে র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও বিমান বাহিনীর সদস্যরা। এবার দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮৪৪টি। জেলার মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ২৯ হাজার ৪৫৭ জন, নারী ভোটার ১৩ লাখ ৩১ হাজার ২৫৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২২ জন। দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়নে ১২৮টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৭ হাজার ১৩৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৮ হাজার ৯১৯ জন, নারী ২ লাখ ৮ হাজার ২১২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে দুটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে ১১৬টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৭১ হাজার ৪৭৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮৭ হাজার ১১২ জন এবং নারী ১ লাখ ৮৪ হাজার ৩৬৬ জন। দিনাজপুর-৩ (সদর) আসনে একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ১৩০টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৫ হাজার ৬৩৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫ হাজার ৪৮৬ জন, নারী ২ লাখ ১০ হাজার ১৪৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। দিনাজপুর-৪ (চিরিরবন্দর–কাহারোল) আসনে ১৮টি ইউনিয়নে ১৩০টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ২১ হাজার ২৭৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১১ হাজার ৩০৪ জন, নারী ২ লাখ ৯ হাজার ৯৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে দুটি পৌরসভা ও ১৭টি ইউনিয়নে ১৪১টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৫৮৩ জন, নারী ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। দিনাজপুর-৬ (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনে তিনটি পৌরসভা ও ২৩টি ইউনিয়নে ১৯৯টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৫৭ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭৮ হাজার ৫৩ জন, নারী ২ লাখ ৭৯ হাজার ৬২৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন।