- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গাইবান্ধা-২ সদর আসনের একটি কেন্দ্রে সাড়ে ৩ ঘণ্টায় ভোট পড়েছে ৩০ শতাংশ
অনলাইন ডেস্ক ►
গাইবান্ধা-২ (সদর) আসনের বোয়ালী ইউনিয়নের রাধাকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণের প্রথম সাড়ে তিন ঘণ্টায় ভোট পড়েছে ৩০ শতাংশ। আজ (১২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। বেলা ১১টা পর্যন্ত কেন্দ্রে মোট ৩ হাজার ৫৩৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৭৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা মোট ভোটের প্রায় ৩০ শতাংশ।
কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৫৩৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ হাজার ৭৯৪ জন এবং পুরুষ ভোটার ১ হাজার ৭৪১ জন। এ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে ৬টি কক্ষে। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হাবিবুল্লাহ আকন্দ জানান, সকাল থেকে সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক। এখন পর্যন্ত এখানে ৩০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
এ কেন্দ্রের ভোট দিয়ে খুশি নতুন ভোটার শিখা খাতুন বলেন, ভোটের পরিবেশ অত্যন্ত ভালো। কোনো রকম ঝামেলা ছাড়াই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ভালো লাগছে। বয়স্ক ভোটার আনারুল হক বলেন, বেশ কয়েক বছর ভোটের এরকম উৎসব দেখিনি। এবার এতো সুশৃঙ্খল ভোটের পরিবেশ। নিজের মতে করে ভোট দিতে পেরে খুশি তিনি।
গাইবান্ধা-২ আসনের (সদর) ১১৮টি ভোট কেন্দ্রে নারী পুরুষ ও তৃতীয় লিঙ্গসহ মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৬০ জন। সকাল সাড়ে ৭ টায় শুরু হওয়া ভোট বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত।