- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গাইবান্ধায় দুর্বৃত্তের কুড়ালের আঘাতে প্রাণ গেল যুবকের
নিজস্ব প্রতিবেদক ►
সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে দুর্বৃত্তের কুড়ালের আঘাতে শ্রী অমিতাভ চন্দ্র সুজন (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে খামার বল্লমঝাড় এলাকার এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান। তিনি জানান, নিহত অমিতাভ চন্দ্র সুজন সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় এলাকার সূর্য নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় মহুরী ছিলেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন স্থানীয়দের বরাদ দিয়ে বলেন, আজ সন্ধ্যার দিকে অমিতাভ চন্দ্র সুজন বাড়ির উঠানে দাঁড়িয়েছিলেন। এরই মধ্যে কে বা কারা কুড়াল দিয়ে তাকে আঘাত করেন। স্বজনরা টের পেয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নেওয়ার পথে সুজনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনা ঘটার পর এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তদন্ত শুরু করেছে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। নিহতের পরিবারের সদস্যরা শোকাহত। তারা স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত বিচার ও ন্যায়বিচারের জন্য অনুরোধ জানিয়েছেন।