• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে পুনরায় ভোট গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন



নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ভোটে কারচুপির অভিযোগ এনে পুনরায় ভোট গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (১৫ ফেব্রুয়ারি) রবিবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী। তিনি বলেন, কমপক্ষে ৫০ থেকে ৬০টি কেন্দ্রে প্রিজাইটিং অফিসাররা ভোট শুরুর পূর্বেই ধানের শীষ পোলিং এজেন্টদের কাছে থেকে স্বাক্ষর নেন এবং কিছু কিছু কেন্দ্রে এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল প্রকাশ করেন। মূলত কারচুপির জন্যই এমন করার হয়েছে বলে তিনি এমন অভিযোগ করেন। তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের এজেন্টদের ভয়ভীতি দেখানোসহ ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সুপরিকল্পিতভাবে তাকে ঠেকানো হয়েছে। সেই জন্য তিনি সিসি ক্যামেরার ধারণ করা ফুটেজের ডকুমেন্ট দেখাসহ ভোটের ফলাফল বাতিল করে পুনরায় আসনটির সকল কেন্দ্রে ভোট গ্রহণের দাবি জানান। 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল হাসান প্রামানিক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু, উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহসহ অন্যরা। 

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দেশে একযোগে ২৯৯টি সংসদীয় আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জামায়াতের প্রার্থী মো. মাজেদুর রহমান পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৭২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জিয়াউল ইসলাম মোহাম্মাদ আলী পেয়েছেন ৩৭ হাজার ৯৯৭ ভোট।