• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

কিশোরীদের ঋতুকালীন স্বাস্থ্য উপকরণ নিশ্চিতকরণে গণজমায়েত



গজারিয়া (ফুলছড়ি) প্রতিনিধি ►

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় স্কুল পর্যায়ে কিশোরীদের ঋতুকালীন স্বাস্থ্য উপকরণ সরবরাহ ও নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিতের দাবিতে এক গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসকেএস ফাউন্ডেশন এর কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (সিআরইএ) প্রকল্পের বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন-এর সহায়তায় গণজমায়েতটি অনুষ্ঠিত হয়।

গণজমায়েতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার বর্মন, প্রকল্প সমন্বয়কারী লাভলী খাতুন, প্রকল্প অফিসার সুলতানা বাহার এবং একাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার সাবিনা ইয়াসমিন। বক্তারা কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে স্কুলভিত্তিক স্বাস্থ্য উপকরণ সরবরাহের ওপর গুরুত্বারোপ করেন।

গণজমায়েতে অংশ নেওয়া কিশোরীরা জানায়, স্কুলে ঋতুকালীন স্বাস্থ্য উপকরণ না থাকায় প্রতি মাসে গড়ে তিন থেকে চার দিন তাদের অনুপস্থিত থাকতে হয়। এতে পড়াশোনায় ব্যাঘাত ঘটে। বিশেষ করে চরাঞ্চলের অনেক পরিবার প্রয়োজনীয় উপকরণ সরবরাহে সক্ষম নয়। তারা সরকার ও প্রশাসনের কাছে বিনামূল্যে স্বাস্থ্য উপকরণ সরবরাহ এবং স্কুলে নির্দিষ্ট ও নিরাপদ স্থান নিশ্চিত করার দাবি জানায়। তারা আরে বলেন, “স্কুলে বিনামূল্যে স্বাস্থ্য উপকরণ ও নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করা হলে আমাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে না এবং স্বাস্থ্যঝুঁকিও কমবে।” গণজমায়েতে শিক্ষক-কিশোরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।