- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
ফুলছড়িতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা
ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়িতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় দিবসটি সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এ সময় বক্তব্য দেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা জামায়াতের ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী তৌহিদুল করিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুমুল ইসলাম, উপজেলা জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল খায়ের, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল খালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজাদ মিয়া, উদাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাবিল উদ্দিন সহ সংশ্লিষ্টরা।
সভায় ভাষা শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ নানা কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় করা হয়। বক্তারা বলেন, ভাষা শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গর্বের অধ্যায়। নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরতে দিবসটি অর্থবহভাবে উদযাপন করা জরুরি। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা থেকে সবার সমন্বিত প্রচেষ্টায় দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়, যাতে দিবসটি মর্যাদার সঙ্গে উদযাপন করা যায়।