• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

রমজানে আজ থেকে বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান্



অনলাইন ডেস্ক

শিক্ষক-শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রমজানে স্কুল বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) স্কুলের ছুটির তালিকা সংশোধন করে তা প্রকাশ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এই ছুটি ২৬ মার্চ পর্যন্ত চলবে। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবে।
গত রবিবার এক রিট মামলার শুনানি শেষে পুরো রোজার মাস স্কুল বন্ধ রাখার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করা হয়। সেই আপিলে আগের আদেশের ওপর স্থগিতাদেশ দেওয়ায় ছুটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রি ব্রত উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা পাঁচ দিন বন্ধ ছিল। গত সোমবার প্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু  হয়েছে। 

তবে নির্বাচনের ছুটির মধ্য দিয়ে মাদরাসাগুলোর শিক্ষক-শিক্ষার্থীদের ঈদের ছুটি শুরু হয়েছে। মাদরাসার ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২৮ মার্চ পর্যন্ত ছুটি চলবে। এদিকে কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, বুধবার থেকে কলেজগুলোতে ঈদের ছুটি শুরু হয়েছে। ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে।