• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত



দিনাজপুর প্রতিনিধি ►

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলা পরিষদের সামনে টিএন্ডটি মোড় এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ঘোড়াঘাট থানার শালিকাদহ গ্রামের তহিদুল ইসলামের ছেলে ইজারুল ইসলাম রাব্বি (২৬) এবং একই গ্রামের মিজানুর রহমানের ছেলে সজীব হাসান (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার ঘটনাটি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানায়, মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।